জুড়ীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে সপ্তাহ খানেক আগে। এরই মধ্যে সড়কটির বিটুমিন, নুড়ি-পাথর ও কার্পেটিং উঠে গেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার ও দায়সারা কাজ করায় সড়কটির এই দশা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলজিইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ৬ জুন সকালে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে এই অভিযোগের সত্যতা পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের দিকে জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মিত হয়। এটি উদ্বোধন করবেন বর্তমান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। তবে চূড়ান্ত দিনক্ষণ সম্পর্কে সংশ্লিষ্ট কার্যালয় থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জরুরিভিত্তিতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে ভাঙাচোরা প্রায় ৬৫০ মিটার পাকা সড়কের সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করেন। কাজের ব্যয় নির্ধারণ করা হয় সাত লাখ ৯৪ হাজার টাকা। জুড়ীর ঠিকাদার বদরুল ইসলাম এই কাজটি পান। মে মাসের শেষ সপ্তাহে কাজ সম্পন্ন হয়। কাজটি তদারক করার দায়িত্ব দেওয়া হয় এলজিইডির জুড়ী কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম আনোয়ারুল হককে। এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, ‘নিম্নমানের বিটুমিন ব্যবহার করায় কার্পেটিং টেকেনি। ঠিকাদারকে পাইনি। ফোনে তাঁকে বলেছি, কাজটি দ্রুত ঠিকঠাক করে দিতে। বিল এখনো পরিশোধ করা হয়নি। মানসম্মত কাজ না হলে তা (বিল) পরিশোধ করা হবে না।’ এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদার বদরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। এলজিইডির উপজেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম আনোয়ারুল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তদারকের দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে নিম্নমানের কাজ হলো—এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।