জুড়ীতে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকায় গত শুক্রবার রাতে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই বিশেষ ক্ষমতা আইনে জুড়ী থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাশের কুলাউড়া উপজেলার ইসলামবাগ আবাসিক এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসের চালক সুমন আহমদ (২৩) এবং সাদেকপুরের বাসিন্দা খন্দকার নূরুজ্জামান এলাইছ (২৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শুক্রবার রাতে উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে ‘নোয়া’ মাইক্রোবাসে (সিলেট চ-১১-৬৮৫) করে ফেনসিডিলের বোতলগুলো নিয়ে কুলাউড়ার উদ্দেশে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় রাত ১১টার দিকে কামিনীগঞ্জ বাজার সেতুর কাছে গাড়িটি আটকায়। পরে সেটির ভেতর ফেনসিডিলের বোতলগুলো পাওয়া যায়। মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে। আর গাড়িটি তাদের (পুলিশ) হেফাজতে আছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের দায়িত্বে থাকা সুবেদার মো. এজাজুল হক জানান, স্থানীয় একটি চক্র ফেনসিডিল চোরাচালানে জড়িত বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। চক্রটি শনাক্তের চেষ্টা চলছে।