জুড়ীতে বন কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর
মৌলভীবাজারের জুড়ীতে গত সোমবার রাতে বন বিভাগের এক কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর করেছে কয়েকজন লোক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে জুড়ী থানায় একটি মামলা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পুটিছড়া বিট কার্যালয়ের কর্মকর্তা (ফরেস্টার) আবু ইউনুস ও কয়েকজন কর্মচারী গত সোমবার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী বাংলো থেকে ফিরছিলেন। এ সময় স্থানীয় সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবদুস শহীদ ওরফে আবদুল্লাহর নেতৃত্বে (৫৫) কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ফরেস্টার আবু ইউনুস (৪০), বনপ্রহরী আমিনুল ইসলাম (৪২), পর্যবেক্ষক (ওয়াচার) দুদু মিয়া (৪৫), দুদুর ছেলে পঙ্খী মিয়া (২০) ও বাগানের মালী জসিম উদ্দিন (৪৫) আহত হন। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সূত্র জানায়, এ ঘটনায় আবু ইউনুস বাদী হয়ে আবদুল্লাহ তাঁর জামাতা সিপার আহমদ, ছেলে রুবেল, আত্মীয় আবদুল করিম, ফয়ছল ও পারভেজ এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে জুড়ী থানায় মামলা করেন।সিপার আহমদ বলেন, ‘ঘুষ নিয়েও আবু ইউনুস যথাযথভাবে কাজ না করায় আমরা টাকা ফেরত চাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার শ্বশুর আবদুল্লাহকে আটক করেন। আমরা তাঁকে উদ্ধার করে আনি।’ আবু ইউনুস বলেন, ‘আমি কারও কাছ থেকে ঘুষ নিইনি। এটা অপপ্রচার।’ জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।