জুড়ীতে বন বিভাগের সেগুনকাঠ কম দামে বিক্রির অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের জব্দকৃত বেশ কিছু সেগুনকাঠ নিলামে কম দামে বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বন বিভাগের কর্মকর্তারা অভিযোগটি অস্বীকার করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বন বিভাগের জুড়ী-১ রেঞ্জ ও এর আওতাধীন কয়েকটি বিট কার্যালয় বিভিন্ন সময়ে প্রায় ৫০০ ঘনফুট সেগুনকাঠ জব্দ করে। ‘ফাইল’ ও ‘গোল’ আকারের এসব কাঠ বিভিন্ন প্রস্থ ও দৈর্ঘ্যের। সংশ্লিষ্ট আদালতের অনুমতিক্রমে ১৪ ফেব্রুয়ারি বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে এসব কাঠের নিলামের দিনক্ষণ ধার্য করা হয়। নিলামের গেজেটে কাঠের লটের শ্রেণী ‘ভালো’ এবং ১০, ২০, ৩০, ৬০ ও ৯০ শতাংশ নষ্ট উল্লেখ করা হয়। এর মধ্যে বেশির ভাগ লট ছিল ‘ভালো’ শ্রেণীর।সূত্র জানায়, পূর্ববর্তী তিনটি নিলামের গড় দর হিসাবে উল্লিখিত কাঠ বিক্রি করার কথা। সে হিসাবে প্রতি ঘনফুট কাঠের দর পড়ে এক হাজার ৭০০ টাকা। কিন্তু এই দর বেশি হয়ে গেছে অজুহাতে ওই দিন সেখানে উপস্থিত কাঠ ব্যবসায়ীরা নিলামে অংশ নেননি। পরে তড়িঘড়ি করে ১৬ ফেব্রুয়ারি পুনরায় নিলাম হয়। ওই দিন ১১ জন ব্যবসায়ী প্রতি ঘনফুট কাঠ এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৬৫০ টাকায় ২১টি লট কেনেন। ব্যবসায়ীদের সবার বাড়ি জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ কাঠ ব্যবসায়ীর ভাষ্যমতে, কমপক্ষে এক সপ্তাহ সময় পিছিয়ে নিলাম করা যেত। তাঁদের অভিযোগ, কয়েকজন ব্যবসায়ী অধিক মুনাফা করতে সিন্ডিকেট করে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে তড়িঘড়ি করে কাজটি করেছেন। তাঁরা জানান, প্রতি ঘনফুট সেগুনকাঠের বাজারদর দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকা।সাধারণ কাঠ ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এম হারুন গতকাল মঙ্গলবার বলেন, ‘নিলামে বরাবরই হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী ছাড়া অন্যদের যেতে কখনো দেখিনি। আর সিন্ডিকেটের বিষয়ে আমার কিছু জানা নেই। ১৪ ফেব্রুয়ারি ব্যবসায়ীরা বেশি দরে কাঠ কিনতে চাননি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সময় পেছানো হয়।’শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড হাসানুর রহমান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে দাবি করেন, যথাযথ প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন হয়েছে।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বশর মিয়া গতকাল বলেন, ‘সরকার রাজস্ব হারাবে এমন কোনো কাজ বন বিভাগের কর্মকর্তারা করবেন না। বাস্তবতা হচ্ছে, কয়েকবার নিলাম হলে কাঠের গুণগত মান থাকে না। এতে প্রকৃত দরও পাওয়া যায় না। এ ক্ষেত্রে (জুড়ী-১ রেঞ্জের কাঠের নিলাম) কোনো অনিয়ম হয়েছে বলে মনে হয় না।’