জুড়ীতে বিএনপির আরেকটি ‘সমঝোতা’ কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দুটি পক্ষের সমন্বয়ে তৃতীয়বারের মতো ‘সমঝোতা’ কমিটি অনুমোদন হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান গত সোমবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈন উদ্দিনকে আহ্বায়ক ও নাসির উদ্দিন আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের ওই ‘সমঝোতা’ কমিটি অনুমোদন করেন। দলের কেউ কেউ জানান, উপজেলা বিএনপির দুটি পক্ষের বিরোধ মীমাংসা করতে দলের সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন ২০১০ সালের ১ এপ্রিল জালাল উদ্দিন আহমদকে (বর্তমানে মৃত) সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে প্রথমবারের মতো একটি ‘সমঝোতা’ কমিটি অনুমোদন করে দেন। কিন্তু একটি পক্ষ এ কমিটি মেনে নেয়নি। পরে এ বছরের ১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরীর উদ্যোগে মঈন উদ্দিনকে আহ্বায়ক, নাসির উদ্দিন আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং হাবিবুর রহমানকে সদস্যসচিব করে দ্বিতীয়বারের মতো ২২ সদস্যের ‘সমঝোতা’ কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটিকে দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। তা না হলে জেলা থেকে নতুন কমিটি গঠন করে দেওয়া হবে বলেও নির্দেশনা দেওয়া হয়। এর এক সপ্তাহ পার না হতেই একটি পক্ষ মতবিনিময় সভা ডেকে ওই কমিটি প্রত্যাখ্যান করে। এরপর গত সোমবার এম নাসের রহমান একটি সমঝোতা কমিটি অনুমোদন করেন।