জুড়ীতে বিডিআর, বন বিভাগ ও পুলিশের নামে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গাছ চেরাই করতে নেওয়ার পথে বিডিআর, বন বিভাগ ও পুলিশের নামে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাজে লোকজন প্রায়ই বাড়ির গাছ কেটে সেগুলো চেরাই করতে ঠেলাগাড়িতে করে উপজেলা সদরের বিভিন্ন করাতকলে নিয়ে যান। পথে কিছু লোক ঠেলাগাড়ি আটকে বিডিআর, বন বিভাগ ও পুলিশের নামে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করে। সূত্র জানায়, গত রোববার দুপুরে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের শাহীন আহমদ (২২) নামের এক যুবক বাড়ি থেকে কাটা একটি গাছের তিনটি টুকরো চেরাই করতে ঠেলাগাড়িতে করে ডাকঘর সড়ক এলাকার একটি করাতকলে নিয়ে যাচ্ছিলেন।শাহীনের ভাষ্যমতে, করাতকলের সামনে পৌঁছালে রাজা মিয়া ও ফয়ছল নামের দুই যুবক ঠেলাগাড়িটি আটকান। এ সময় তাঁরা গাছের মালিকানার কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে ওই দুই যুবক বিডিআর, বন বিভাগ ও পুলিশের নিয়োজিত লোক দাবি করে শাহীনের কাছ থেকে ১০০ টাকা চাঁদা আদায় করেন।খোঁজ নিয়ে জানা গেছে, জুড়ী-ফুলতলা সড়কের ভবানীপুর সেতুর কাছে মতলিব নামের আরেক যুবক প্রতিদিন একইভাবে ঠেলাগাড়ি-প্রতি ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করেন।গতকাল সোমবার বিকেলে কয়েকটি করাতকল ও ভবানীপুর এলাকায় গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে তাঁদের দেখা যাচ্ছে না।বন বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মমতে বাড়ির গাছ কাটার ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে একটি নির্দিষ্ট আবেদন ফরম সংগ্রহ করতে হয়। পরে সেটি পূরণ করে স্থানীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা দিলে অনুমোদনের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখান থেকে গাছ কাটার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। ওই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে লোকজন সেদিকে যেতে চান না।৩৮ রাইফেল ব্যাটালিয়নের জুড়ী কোম্পানি সদরের অধিনায়ক সুবেদার আবদুল করিম বলেন, ‘রোববারের ঘটনাটি জেনে রাজা মিয়াকে ক্যাম্পে ডেকে এনে শাসিয়েছি। সে বিডিআরের নাম ভাঙিয়ে এ কাজ করছিল।’ জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, লোক দিয়ে চাঁদাবাজি করানোর অভিযোগটি ঠিক নয়।অভিযোগ অস্বীকার করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘পুলিশের কেউ এ কাজে জড়িত থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’