জুড়ীতে বিশুদ্ধ পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। অথচ অনেকে এখনো কোনো সরকারি ত্রাণ পায়নি। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এরই মধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা গিয়ে ঋণের কিস্তি আদায়ে লোকজনকে চাপ দিচ্ছেন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকার দুর্গত মানুষ এখন এ রকম দুর্ভোগে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পূর্ব বেলাগাঁও, সোনাপুর, শাহপুর, ভাটি শাহপুর ও নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ বাড়িঘরে পানি। ভূঁয়াই-শাহগঞ্জ বাজার রাস্তায় চার-পাঁচ ফুট পানি। নৌকায় করে লোকজন চলাচল করছে। শাহগঞ্জ বাজারে পানি ওঠায় দোকানপাট বন্ধ। কেউ কেউ দূরের উঁচু এলাকা থেকে কলসে পানি ভরে নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন।

ভাটি শাহপুর গ্রামে ১০০ পরিবারের বাস। অধিকাংশ মানুষ মৎস্যজীবী। গ্রামের বাসিন্দা পাখি মিয়া (৫৫) বললেন, ‘এক মাস ধরি বাড়িঘরো পানি। গাউর (গ্রাম) মাইনষে (মানুষ) অখনো কোনো রিলিফ পাইছে না।’

প্রতিবেশী ইরা মিয়া (৬০) বলেন, হাওরে বাতাসে ঢেউ ওঠায় সকালে জাল নিয়ে গিয়ে মাছ না ধরে বাড়ি ফিরে এসেছেন। মাছ ধরলে তা বিক্রি করে চাল-ডাল কিনে আনতেন।

ঘরে হাঁটুপানি থাকায় খাটের ওপর টিনের চুলা বসিয়ে ভাত রান্না করছিলেন গ্রামের আঙ্গুরুন্নেছা (৬০)। তিনি বলেন, ‘আর কত দিন যে ইলা কষ্টত থাকতে অইব, আল্লাহই জানোইন।’

শাহপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পাঁচটি পরিবারের দেখা মেলে। দক্ষিণ শাহপুর গ্রামের নাজমা বেগম (৩৫), সাহেনা বেগম (৪৫) ও দিলারা বেগম (৪০) বলেন, ১৮ দিন ধরে তাঁরা সেখানে আছেন। এখন পর্যন্ত সরকারিভাবে প্রত্যেকে ১৫ কেজি করে চাল ও ২০ কেজি করে আটা পেয়েছেন। চাল শেষ। এখন আটা দিয়ে রুটি তৈরি করে খাচ্ছেন।

পূর্ব বেলাগাঁওয়ের জামাল হোসেন, মালেক মিয়া ও নাসির মিয়া বলেন, একটি বেসরকারি সংস্থা থেকে তাঁরা বিভিন্ন কাজে কিছু টাকা ঋণ নেন। সংস্থার কর্মীদের চাপে হাঁস-মোরগ বেচে সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করেছেন।

জায়ফরনগর ইউপির চেয়ারম্যান মাছুম রেজা বলেন, তাঁরা স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে দুর্গত মানুষের তালিকা তৈরি করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া নিজেও সরেজমিনে তা তদারক করছেন। এর পরও ভাটি শাহপুরের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী মুঠোফোনে বলেন, ঋণের কিস্তি আদায়ের বিষয়টি নিয়ে তিনি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহী উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, তিনি গতকাল জায়ফরনগরের কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।