জুড়ীতে বিষ ঢেলে মাছ শিকারের ঘটনায় মামলা
মৌলভীবাজারের জুড়ী নদীতে বিষ ঢেলে মাছ শিকারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জুড়ী থানায় পরিবেশ আইনে একটি মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ শিকারের উদ্দেশ্যে গত বুধবার ভোরে দুর্বৃত্তরা জুড়ী উপজেলার রত্না চা-বাগানের বাংলাডহর এলাকায় জুড়ী নদীর উজানে বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ ও কাঁকড়া আধমরা হয়ে ভেসে ওঠে। খবর পেয়ে মৎস্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের লোকজন ঘটনাস্থলে গিয়ে নদীতে পাতা পাঁচটি নিষিদ্ধ কারেন্ট জাল এবং বেশ কিছু মাছ জব্দ করে। সূত্র জানায়, এ অভিযোগে সাগরনাল ইউনিয়নের ভরাডহর গ্রামের তেরা মিয়া (৪০), মাহতাব মিয়াসহ (৩৫) অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে গতকাল বিকেলে জুড়ী থানায় একটি মামলা হয়েছে।সিডব্লিউবিএমপির কুলাউড়া কার্যালয়ের ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৭-এর ২ উপধারা অনুযায়ী মামলা হয়েছে। ওই আইনে ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা নগদ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।জুড়ী থানার দ্বিতীয় কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নদীতে বিষ ঢেলে মাছ শিকার!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।