জুড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি গৃহকর্তা গুলিবিদ্ধ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের উত্তর ভবানীপুর আবাসিক এলাকায় গত সোমবার রাতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ গৃহকর্তাসহ আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে ১০-১৫ জনের মুখোশধারী একদল ডাকাত ব্যবসায়ী আবদুল হাছিবের ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা হাছিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁর স্ত্রী রিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পাশের কক্ষ থেকে ছেলে জাকির ছুটে এলে তাঁকেও কুপিয়ে আহত করে।গুলির শব্দ ও চিৎকার শুনে প্রতিবেশী আবদুল হান্নান ও তাঁর ছেলে ছুটে এলে বাড়ির মূল ফটকের সামনে থাকা কয়েকজন ডাকাত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হান্নান ঊরুতে গুলিবিদ্ধ হন। ডাকাতেরা রিনার হাতের এক জোড়া স্বর্ণের চুড়ি, কানের দুল, গলার চেইনসহ আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, চার-পাঁচ লাখ টাকা এবং পাঁচটি মুঠোফোন লুট করে পালিয়ে যায়।পরে প্রতিবেশীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে হাছিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।