জুড়ীতে মনু নদ দখল করে মাছ নিধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে মনু নদের বেশ কিছু স্থান অবৈধভাবে দখল করে দুর্বৃত্তরা অনেক দিন ধরে মাছ নিধন করছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মৎস্য বিভাগের পক্ষ থেকে দখল করা স্থানগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হলেও দখলদারদের অপতৎপরতা বন্ধ হচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনু নদটি ভারত থেকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন দিয়ে ঢুকে পাশের হাজীপুর, পৃথ্বিমপাশা ও টিলাগাঁও ইউনিয়ন হয়ে মৌলভীবাজার সদরের দিকে চলে গেছে। গত অক্টোবরের শেষ দিকে নদের হাজীপুর ইউনিয়নের মনু, রনচাপ, হাসিমপুর, ঈসমাইলপুর, গাজীপুর, কোনাগাঁও, মন্ডিয়া, মিয়ারপাড়া ও কাউকাপন এলাকায় ৪০-৫০টি স্থানে স্থানীয় কিছু লোক বাঁশ পুঁতে ঘেরাও করেন। এরপর মাছের আবাস তৈরির জন্য এখানে ডালপালা ফেলা হয়। পরে কয়েক দিন পরপর মাছ ধরে স্থানীয় মৎস্যজীবীদের কাছে বিক্রি করা হয়। এ কারণে এলাকার সাধারণ লোকজন নদে মাছ ধরার কোনো সুযোগ পান না।
এ ব্যাপারে এলাকাবাসী গত ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাহসিনা বেগমের কাছে লিখিত অভিযোগ দেন। পরে মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় কটারকোনা বাজারে ঢোল পিটিয়ে নদ থেকে বাঁশ ও ডালপালা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দখলদারেরা ওই নির্দেশ মানেননি।
২৮ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, নদের মনু ও হাসিমপুর এলাকায় ১৮ থেকে ২০টি স্থানে বাঁশ ও ডালপালা পুঁতে রাখা হয়েছে। হাসিমপুরে দখল করা একটি জায়গার চারপাশে জালের বেড়া দিয়ে ডালপালা সরিয়ে ভেতরে জাল টেনে সাত-আটজন লোক মাছ ধরছেন।
সাব্বির আহমদ নামের একজন বাঁশ ও ডালপালা পুঁতে রাখা একটি জায়গা দেখিয়ে বলেন, ‘এইটা আমার বাড়ির সামনে পড়ছে। তাই ডালপালা দিয়া রাখছি।’
এলাকাবাসী বলেন, নদের শুধু হাসিমপুর অংশেই সিকন্দর আলী চারটি, জাকির আহমদ পাঁচটি, মুমিন মিয়া দুটি, সাব্বির আহমদ একটি, আবদুন নূর চারটি ও জিয়া উদ্দিন দুটি স্থান দখল করেছেন।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বাছিত বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে মোবাইল কোর্ট চালানোরও অনুরোধ জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ইউএনওর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও তাহসিনা বেগম বলেন, মনু নদ দখল করে অবৈধভাব মাছ শিকারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।