জুড়ীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল খুদে স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় গতকাল শনিবার দুপুরে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় হাসিনা বেগম (৮) নামের এক খুদে স্কুলছাত্রী মারা গেছে। সে স্থানীয় জায়ফরনগর গ্রামের আবদুল জলিলের মেয়ে এবং মানিকসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। এলাকাবাসী মাইক্রোবাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে হাসিনা এবং তার যমজ বোন একই শ্রেণীর শিক্ষার্থী খালেদা গতকাল দুপুর ১২টার দিকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় কুলাউড়া থেকে বড়লেখাগামী মাইক্রোবাসটি চাপা দিলে হাসিনা গুরুতর আহত হয়। অল্পের জন্য বেঁচে যায় খালেদা। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসিনার মৃত্যু ঘটে। পরে আশপাশের লোকজন ছুটে এসে মাইক্রোবাসের চালক রুবেল আহমদকে (২৫) আটক করে। রুবেলের বাড়ি বড়লেখার সুজানগর ইউনিয়নের বড়তল গ্রামে।