জুড়ীতে মাটিবোঝাই ট্রাক উল্টে চালকসহ নিহত ২
মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় গতকাল সোমবার রাতে মাটিবোঝাই ট্রাক উল্টে চালকসহ দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত আরেক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকে টিলার মাটি পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা ট্রাকের চালক সাজিদ মিয়া (৩৫) ও শ্রমিক হারুন মিয়া (৪০)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের আলাউদ্দিন (২০)।
স্থানীয়, পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মাটিবোঝাই ট্রাকটি গতকাল সোমবার রাত নয়টার দিকে ভূঁয়াই বাজারে প্রবেশের আগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে গাড়ির সামনে বসা হারুন ও আলাউদ্দিনকে বের করে আনে। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হারুন মারা যান। রাত ১০টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যন্ত্র দিয়ে গাড়ির দরজা কেটে সাজিদের লাশ বের করেন। অবস্থার অবনতি ঘটায় আলাউদ্দিনকে ওই দিন রাতেই কুলাউড়া থেকে সিলেটে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে মামলা করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিন-চারজন ট্রাকচালক বলেন, ভূঁয়াই এলাকায় অবস্থিত হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চবিদ্যালয়ের নিচু জমি ভরাটের জন্য ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। ওই মাটি উপজেলার কালিনগর এলাকার একটি টিলা থেকে কেটে আনা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা বলেন, ট্রাকে টিলার মাটি ছিল বলে স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন।
তবে ট্রাকের মালিক ও শ্রমিকনেতা আবদুস শহীদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম গতকাল বেলা তিনটার দিকে মুঠোফোনে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া ছাড়া নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, টিলা কাটার বিষয়টি তদন্ত করে দেখা হবে।