মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যৌতুকের দাবিতে বিনোদিনী দেবী (২০) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পুলিশ ওই গৃহবধূর স্বামী পঞ্চমণিকে গ্রেপ্তার করেছে। এদিকে নরসিংদীর শিবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শাহনাজ বেগম (২৫) নামের এক তরুণীকে তাঁর চাচাতো ভাই পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পুটিয়া ইউনিয়নের চরপীতাম্ভরদী গ্রামে এ ঘটনা ঘটে।জুড়ী (মৌলভীবাজার): পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, সাগরনাল ইউনিয়নের বাবুসিংহ গ্রামের বাসিন্দা পঞ্চমণির সঙ্গে কমলগঞ্জ উপজেলার ছনগাঁও গ্রামের বিনোদিনীর প্রেমের সম্পর্ক ছিল। দুই বছর আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর তাঁদের পরিবারের মধ্যকার সম্পর্ক ভালো ছিল না। সম্প্রতি বিদেশে যাওয়ার কথা বলে পঞ্চমণি ও তাঁর পরিবারের লোকজন বিনোদিনীকে তাঁর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেন। বিনোদিনী এ প্রস্তাবে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত ১৪ আগস্ট শ্বশুরবাড়ির লোকজন বিনোদিনীর পরিবারকে মুঠোফোনে জানান, বিনোদিনী আত্মহত্যা করেছেন। ওই দিনই বিনোদিনীর বাবা খাম্বাতন সিংহ বাদী হয়ে বিনোদিনীর স্বামী পঞ্চমণি ও শাশুড়ি পিশক দেবীকে আসামি করে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেন। গত সোমবার বিকেলে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ গতকাল পঞ্চমণিকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিনোদিনীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোনায়েম আহমদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে পঞ্চমণি সিংহ অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক কলহের জের ধরে বিনোদিনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।নরসিংদী: পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুরের চরপীতাম্ভরদী গ্রামের মৃত হাফিজের চার মেয়ে ও এক ছেলে। ছেলে বিদেশে থাকেন। তিন মেয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করায় শাহনাজ বাড়িতে একা থাকতেন। সম্পত্তির লোভে শাহনাজের চাচা ঢেওয়ার পরিবারের লোকজন বিভিন্ন সময় তাঁকে উত্ত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে ঢেওয়ার স্ত্রীর সঙ্গে শাহনাজের বাগিবতণ্ডা হয়। মায়ের সঙ্গে ঝগড়ার কথা শুনে ক্ষিপ্ত হন ঢেওয়ার ছেলে ওমর ফারুক। তিনি ওই দিন রাত ১০টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘুমন্ত শাহনাজকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আশপাশের লোকজন শাহনাজকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল বিকেলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুকবুল হোসেন জানান, নিহত শাহনাজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।