জুড়ীতে শিক্ষকের পিটুনি, স্কুলছাত্রী হাসপাতালে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিক্ষকের পিটুনিতে এক স্কুলছাত্রীর অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সাগরনাল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীরা জানিয়েছে, পিটুনির শিকার হওয়া মেয়েটি সপ্তম শ্রেণীতে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীটির একাধিক সহপাঠী জানায়, সকাল সোয়া নয়টার দিকে সে সহপাঠীদের সঙ্গে শ্রেণীকক্ষে দাঁড়িয়ে কথা বলছিল। একপর্যায়ে সে শিক্ষকের জন্য নির্ধারিত চেয়ারে পা তুলে ফেলে। শ্রেণীকক্ষের বাইরে থেকে সহকারী শিক্ষক মুহিবুর রহমান তা দেখে ফেলেন। তিনি শ্রেণীকক্ষে ঢুকে প্রথমে মেয়েটির চুল ধরে চড়-থাপড় মারেন এবং পরে মাঠে দাঁড় করিয়ে পেয়ারাগাছের ডাল দিয়ে তাকে বেধড়ক পেটান। এতে তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। একপর্যায়ে সে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। তা দেখে ওই শিক্ষক সেখান থেকে চলে যান। সহপাঠীরা মাথায় পানি ঢাললে মেয়েটির চেতনা ফেরে। তারা তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীটির মা গতকাল প্রথম আলোকে বলেন, বাড়িতে পৌঁছার পর তাঁর মেয়ে কথা বলতে পারছিল না। থরথর করে কাঁপছিল। এ অবস্থা দেখে তাঁরা তাকে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের চিকিৎসক শরিফুল কবির প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির শরীরের একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়েছে। সুস্থ হতে সময় লাগবে।’ এ বিষয়ে শিক্ষক মুহিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারে পা রাখায় খারাপ লেগেছে। তাই ছাত্রীটিকে ডেকে বাঁশের কঞ্চি দিয়ে কয়েকটি মার দিয়েছি।’ শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া বেআইনি, এ কথা জানেন কি না, এমন প্রশ্ন করলে তিনি সংযোগ কেটে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের বলবেন।