জুড়ীতে স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল হাদী
আবদুল্লাহ আল হাদী

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আবদুল্লাহ্ আল হাদী নামের এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
আবদুল্লাহ্ আল হাদী (১৪) উপজেলার কালিনগর গ্রামের বশির আহমদ ও ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসিদা বেগমের ছেলে। সে জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে। এ ব্যাপারে গত শনিবার জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, হাদী শনিবার বেলা তিনটার দিকে বাসা থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় তাঁর মা আসিদা বেগম আশপাশের আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান পাননি। পরে ওই দিন রাতেই তিনি থানায় জিডি করেন।
আসিদা বেগম বলেন, তাঁর স্বামী বশির আহমদ দুবাইয়ে থাকেন। জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। তিন সন্তানকে নিয়ে তিনি জুড়ী উপজেলা শহরের বড় মসজিদ সড়কের একটি বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। হাদী সবার বড়। শনিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। বাসায় তাঁর বৃদ্ধ শাশুড়ি ও তিন সন্তান ছিল। ওই দিন হাদী বিদ্যালয়ে যায়নি। পরিবারের কারও সঙ্গে তার মনোমালিন্যও ছিল না।
এ বিষয়ে জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী বলেন, তাঁরা বিভিন্নভাবে হাদীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।