জুড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলি গ্রামের এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় রাঘনা-বটুলি উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একই গ্রামের আবদুস সোবহান গাজীকে (৫০) আসামি করে গত মঙ্গলবার রাতে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার এজাহার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের ওই স্কুলছাত্রী গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খাওয়াদাওয়া শেষে বাড়ির আলাদা একটি কক্ষে একা ঘুমিয়ে পড়ে। এ সুযোগে প্রতিবেশী আবদুস সোবহান কক্ষে ঢুকে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ছাত্রীটি অজ্ঞান হয়ে পড়লে সোবহান গাজী কক্ষ থেকে বেরিয়ে দৌড়ে পালান। এ সময় ছাত্রীর ভাবি তাঁকে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় ওই দিন রাতে ছাত্রীর মা (৪০) বাদী হয়ে সোবহানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে গতকাল ভোরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আবদুস সোবহান গাজীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। আবদুস সোবহান গাজী লম্পট চরিত্রের লোক। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’