জুড়ীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার তারা রাস্তাটি সংস্কার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্য বাছিরপুর-পশ্চিম বাছিরপুর রাস্তার মধ্য বাছিরপুর এলাকায় দু-তিন মাস আগে পানিনিষ্কাশনের পুরোনো পাইপ ভেঙে যাওয়ায় মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এ কারণে রাস্তার ওই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত। এতে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন দুর্ভোগে পড়ত। এ ছাড়া বৃষ্টি হলে রাস্তার এক পাশে জলাবদ্ধতার সৃষ্টি হতো। তাই রাস্তার ওই অংশ (দৈর্ঘ্য আট ফুট ও প্রস্থ তিন ফুট) সংস্কারের ব্যাপারে সম্প্রতি এলাকাবাসী বৈঠক করে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল দুপুরের দিকে তারা স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে। বিকেল চারটার দিকে কাজ শেষ হয়।
মধ্য বাছিরপুর গ্রামের বাসিন্দা কল্যাণ বৈদ্য ও অখিল বৈদ্য বলেন, একাধিকবার অনুরোধ করার পরও স্থানীয় জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ স্থানটি সংস্কারের উদ্যোগ নেননি। পরে এলাকাবাসী ওই অংশ সংস্কারের উদ্যোগ নেয়।