জুড়ীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে আজ শুক্রবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২৯ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর পক্ষে একই সময়ে পথসভার আহ্বান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদরুল হোসেনের পক্ষে আজ বেলা তিনটায় উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় পথসভা আহ্বান করা হয়। একই সময়ে জাঙ্গিরাই চত্বরে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী গুলশান আরা মিলির পক্ষে পথসভার আহ্বান করা হয়। এ কারণে আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষÿথেকে উপজেলা সদরে শোভাযাত্রা, মিছিল ও পথসভার ব্যাপারে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, পাল্টাপাল্টি সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল। তাই ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত গত বছরের (২০১৪) ২২ নভেম্বর মারা যান। পদটি শূন্য হওয়ায় উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী ছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী হুসনে আরা বেগম, ‘নাগরিক ঐক্যের’ ব্যানারে গিয়াস উদ্দিন ও এম এ মোহিত এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।