মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পের পাঁচজন নারী শ্রমিকের এক মাসের মজুরির টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলজিআরডির স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, অধিদপ্তরের পল্লী সড়ক ও কালভার্ট রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের শ্রমিক চুক্তি সমিতির (এলসিএস) আওতায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর-দাসেরবাজার সড়কে ছয়জন নারী শ্রমিক কাজ করেন। তাঁরা হচ্ছেন ওই ইউনিয়নের বাছিরপুর গ্রামের রিনা বেগম, সালেহা বেগম, রোকেয়া বেগম, রহিমা বেগম, আমতৈলের প্রেয়সী বিশ্বাস ও সদর জায়ফরনগর ইউনিয়নের জলিকা বেগম। সূত্র জানায়, সম্প্রতি শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মজুরির বিল তৈরি করে মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আগস্ট মাসের ৫৬ হাজার ৪২০ টাকার একটি ব্যাংক চেক এবং সেপ্টেম্বরের ৬৫ হাজার ১০০ টাকার আরেকটি চেক উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলীর কাছে পাঠানো হয়।ছয় শ্রমিকের মধ্যে পাঁচজন অভিযোগ করেন, সংশ্লিষ্ট সুপারভাইজার গত বুধবার দুপুরে তাঁদের কার্যালয়ে ডেকে শুধু সেপ্টেম্বর মাসের মজুরি প্রদান করেন। আগস্ট মাসের টাকা পাওয়া যায়নি বলে তাঁদের জানানো হয়। এর মধ্যে জলিকাকে গোপনে আগস্ট মাসের মজুরি প্রদান করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। জলিকা উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলীর বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।এ ব্যাপারে জলিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।গত বৃহস্পতিবার সুপারভাইজার আছমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টা বস (ভারপ্রাপ্ত প্রকৌশলী) ভালো বলতে পারবেন। টাকা-পয়সা সব তাঁর কাছে। দয়া করে আমাকে ঝামেলায় জড়াবেন না।’ মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম আনোয়ারুল হকের বক্তব্য পাওয়া যায়নি।এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নূরুন্নবী বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত প্রদান করতে তিনি জুড়ীর ভারপ্রাপ্ত প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।