জুড়ীতে ‘অপরিকল্পিত’ সেতু, পারাপারে দুর্ভোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি সেতু স্থানীয় লোকজনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, হাকালুকি হাওরপারের শাহপুর এলাকায় ঘুঙ্গিজুড়ী খালের ওপর সেতুটি অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। এটাই দুর্ভোগের কারণ। এলাকাবাসীর ভাষ্যমতে, অপরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সেতুটির অভিগমন রাস্তা (অ্যাপ্রোচ) এবং সংযোগ সড়কের কাজ শুরুর আগেই গত বছরের ৩১ জানুয়ারি এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিন ওই দিন সেতুটি উদ্বোধন করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাহাগঞ্জ-তেঘরিঘাট সড়ক থেকে প্রায় ৩০০ গজ দূরে ঘুঙ্গিজুড়ী খালের ওপর রয়েছে সেতুটি। সেতুতে ওঠার সংযোগ সড়ক নেই। খালের একাংশের ওপর উঁচু করে নির্মিত সেতুটির অ্যাপ্রোচের কাজ চলছে এখন। সেতুটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত স্থানে সেতুটি নির্মিত হলে লোকজনের দুর্ভোগ হতো না।’এ ব্যাপারে সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মতছিন আলী প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু সমস্যার কারণে নির্ধারিত স্থানে সেতুটি নির্মাণ করা যায়নি।শাহপুর গ্রামের বাসিন্দা মজম্মিল আলী (৩৫), ফজলু মিয়াসহ (২৫) আরও কয়েকজন দাবি করেন, মূল সড়কের ৩০০ গজ দূরে সেতুটি নির্মিত হয়েছে। তাঁদের ভাষ্য, প্রথমে সংযোগ সড়কের পাশে সেতুটি নির্মাণে মাপজোখ হলেও পরে এর বাস্তবায়ন হয়নি।স্থানীয় লোকজনের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের লোকজন সেতুর পাটাতনের অংশ থেকে অভিগমন রাস্তা পর্যন্ত ত্রিপল টেনে এর ওপর খড় বিছিয়ে দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন। ওই দৃশ্য দেখিয়ে ঠিকাদার অর্থছাড় করেছেন। তবে সেতুটির ঠিকাদার সঞ্জিত দাস খড় বিছিয়ে অ্যাপ্রোচের কাজ শেষ করার দৃশ্য ক্যামেরাবন্দী করার অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘তখন মাটির অভাবে অ্যাপ্রোচের কাজটি করতে পারেননি। এখন নিজ খরচে তা করে দিচ্ছি।’এ বিষয়ে পিআইও এরশাদুল আলম বলেন, সেতুর নির্মাণকাজ তাঁর যোগদানের আগে শেষ হয়েছে। অ্যাপ্রোচের কাজ শেষ হলে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়কের কাজ শুরু হবে। ঠিকাদারের অর্থছাড় প্রসঙ্গে এরশাদুল আলম বলেন, ঠিকাদারের জামানতের টাকা আটকে রাখা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে ঘুঙ্গিজুড়ী খালের ওপর ৩৬ ফুট দীর্ঘ সেতুটি নির্মিত হয়।