জুড়ীতে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ
গভীর রাতে অপরিচিত একটি নম্বর থেকে গৃহিণী আকলিমা বেগমের মুঠোফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে এক লোক তাঁকে বলে, ‘বিয়ের তোর ২৫ বছর হয়ে গেছে। সন্তান হয় না। এই বার তোর আশা পূর্ণ হবে।’ এই কথাগুলো বলে ‘জিনের বাদশা’ তাঁকে পর দিন গ্রামের মসজিদে ১০ ডজন মোমবাতি ও চার ডজন আগরবাতি দিতে বলে। এর পর দিন রাতে ঠিক একই সময় ওই ‘জিনের বাদশা’ তাঁকে মসজিদে শিরনি দেওয়ার খরচের কথা বলে ফ্লেক্সি করে একটি মুঠোফোনের নম্বরে এক হাজার ৫৫০ টাকা পাঠাতে পরামর্শ দেয়। এভাবে বাদশার পরামর্শ অনুযায়ী আকলিমা আরও দুই দফায় দুটি নম্বরে আড়াই হাজার করে পাঁচ হাজার টাকা ফ্লেক্সি পাঠান। কয়েকদিন পর ‘জিনের বাদশা’ নগদ ২০ হাজার ৫১ টাকা নিয়ে বগুড়ার একটি মাজারে একা যেতে আকলিমাকে পরামর্শ দেয়। এ কথা শুনে আকলিমার সন্দেহ হয় এবং তিনি পুরো ঘটনা স্বজনদের খুলে বলেন।প্রতারণার এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামে। এ ব্যাপারে আকলিমা গতকাল রোববার জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর স্বামীর নাম রফিকুর রহমান। তিনি সার ও কীটনাশকের ব্যবসা করেন।জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, আকলিমা গত বছরের (২০১০) ২৫ ও ২৯ ডিসেম্বরে তিনটি মুঠোফোনের নম্বরে মোট ছয় হাজার ৬৫০ টাকা ফ্লেক্সি পাঠান। আকলিমা জানান, তিনি বেশি লেখাপড়া করেননি। বিয়ের ২৫ বছর অতিবাহিত হলেও তাঁরা নিঃসন্তান। ‘জিনের বাদশা’ ওই তথ্যটি প্রকাশ করলে তা সহজে বিশ্বাস করে ফেলেন।আকলিমার স্বামী রফিকুর রহমান জানান, প্রথমে আকলিমা তাঁকে ঘটনাটি জানাননি। পরে জানতে পেরে তিনি স্ত্রীকে বকাঝকা করেন।গতকাল সন্ধ্যায় উল্লিখিত তিনটি মুঠোফোনের নম্বরে যোগাযোগ করলে কেউ কথা না বলে সংযোগ কেটে দেয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা এক ধরনের প্রতারণা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতারক ব্যক্তি ওই মহিলা বা তাঁর পরিবার সম্পর্কে জানে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’