জুড়ীর তিনটি চা-বাগানে কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বকেয়া বেতন-ভাতা ও বোনাসের দাবিতে ধামাই টি কোম্পানির ধামাই, সোনারুপা ও আতিয়াবাগ চা-বাগানের কিছু কর্মচারী এবং শ্রমিক সরদার পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করছেন।
বাগানের কর্মচারীদের সূত্রে জানা গেছে, তিনটি বাগানে বিভিন্ন পর্যায়ের ৫৬ জন কর্মচারী এবং ধামাই বাগানে ৩১ জন ও আতিয়াবাগে চারজন শ্রমিক সরদার রয়েছেন। গত বছরের নভেম্বর মাস থেকে এসব কর্মচারী ও শ্রমিক সরদার বেতন-ভাতাসহ উৎসব বোনাস পাচ্ছেন না। এ অবস্থায় তাঁরা গত মঙ্গলবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এক ঘণ্টা করে, গত শুক্রবার পূর্ণদিবস এবং গতকাল শনিবার দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এই সমস্যা সমাধানের জন্য গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী ধামাই বাগানে গিয়ে ব্যবস্থাপকসহ আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক সরদারদের সঙ্গে কথা বলেন।
ধামাই বাগানের টিলাক্লার্ক ও টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ধামাই বাগান ইউনিট প্রতিনিধি মিছবাউর রশীদ খান, আতিয়াবাগের প্রতিনিধি আবুল হোসেন ও সোনারুপার প্রতিনিধি মনোজ সেনগুপ্ত মুঠোফোনে বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে কোম্পানি বেতন-ভাতা ও উৎসব বোনাস আটকে রেখেছে। ফলে তাঁরা চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। মে দিবসের কারণে আজ রোববার কর্মসূচি শিথিল করা হয়েছে। সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে লাগাতার কর্মবিরতি চলবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার ও সোনারুপা বাগানের ব্যবস্থাপক হুমায়ূন কবীরের বক্তব্য পাওয়া যায়নি।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মুঠোফোনে বলেন, ‘কাল (সোমবার) বেলা ১১টায় উপজেলা সদরে অবস্থিত জুড়ী ভ্যালি ক্লাবে তিনটি বাগানের ব্যবস্থাপকের সঙ্গে কর্মচারীদের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।’