জুড়ীর পাঁচ চা-বাগানের শ্রমিকদের দাবি নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিউ ধামাই টি কোম্পানির পাঁচটি চা-বাগানের শ্রমিকেরা বকেয়া বেতন, রেশনসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার প্রতিনিধি সভা করেছেন। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটি সোনারুপা চা-বাগান পূজামণ্ডপে এ সভার আয়োজন করে।

সভায় ভ্যালির অধীন জুড়ীসহ আশপাশের কুলাউড়া ও বড়লেখা উপজেলার ৩৬টি চা-বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা অংশ নেন। এতে ২১ জুন ৩৬টি বাগানে একযোগে দাবি পূরণের জন্য এক ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।

চা-বাগানের শ্রমিকদের সূত্রে জানা গেছে, নিউ ধামাই টি কোম্পানি পরিচালিত ধামাই, ধামাইয়ের ফাঁড়ি শিলঘাট, সোনারুপা, সোনারুপার ফাঁড়ি পুঁচি ও আতিয়াবাগ চা-বাগানে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছেন। স্থায়ী শ্রমিকদের ছয় সপ্তাহ ও অস্থায়ী শ্রমিকদের ৩৫ সপ্তাহের মজুরি বকেয়া পড়ে আছে। ৩০ সপ্তাহ ধরে শ্রমিকেরা রেশন পাচ্ছেন না। দুই বছর ধরে মজুরির বর্ধিত অংশের টাকাও পাচ্ছেন না তাঁরা। শ্রমিকদের কাঁচা বাড়িঘর মেরামত করে দেওয়া হচ্ছে না। বাগানে হাসপাতাল-ওষুধ নেই। ১৪ মাস ধরে পাঁচ বাগানের ৪৫ জন কর্মচারীর বেতন বন্ধ। এসব দাবি পূরণে শ্রমিক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে বকর্মসূচি পালন করে আসছেন। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে ২১ মে মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিনসহ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগানের মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা ১০ দিনের মধ্যে শ্রমিক-কর্মচারীদের দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। কিন্তু পরে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে সভা শুরু হয়। এতে চা-শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল বুনারজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরি। বক্তব্য দেন চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, ধামাই বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্রপাল, পাথারিয়া বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মনোজিত বুনারজি, সোনারুপা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বাদল রুদ্রপাল প্রমুখ।

যাদব রুদ্রপাল পাঁচ বাগানের শ্রমিকদের দুর্গতির কথা তুলে ধরে বলেন, ‘মজুরি-রেশন বন্ধ থাকায় শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ছুটে গিয়ে সমাধান চেয়েছি। কেউ কথা রাখেননি।’

সভায় রামভজন কৈরি বলেন, ‘জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা আমাদের হতাশ করেছে। আন্দোলন করেই শ্রমিকদের দাবি আদায় করতে হবে।’

এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে হুইপ শাহাব উদ্দিন ফোন ধরেননি। ফোন না ধরায় ধামাই টি কোম্পানির চেয়ারম্যান সাফিয়া আসাফ আলীর সঙ্গেও কথা বলা যায়নি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, ‘জুড়ীর পাঁচ বাগানের শ্রমিকদের দুর্গতির বিষয়টি আমি জানি। মালিকপক্ষই এ অবস্থার জন্য দায়ী। সমস্যার সমাধানে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। সমাধান না হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’