জুড়ীর ফুলতলা সীমান্তে বাংলাদেশির লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে গতকাল শুক্রবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে। তাঁর বাড়ি স্থানীয় ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামে।প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।এলাকাবাসী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অভিযোগ সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুবনগর গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত কালামের প্রেমের সম্পর্ক চলছিল। পূর্ব বটুলি গ্রামে ভারতীয় ওই নারীর কয়েকজন আত্মীয় আছে। তারা এ সম্পর্ক সহজভাবে মেনে নেয়নি। ওই নারীর খালাতো ভাই বাবলু ও সেলিম এবং স্থানীয় ফুলতলা বস্তি গ্রামের ফরহাদ নামের অপর এক ব্যক্তি গত মঙ্গলবার বিকেল চারটার দিকে মুঠোফোনে জরুরি কাজের কথা বলে নিহত কালামকে ডেকে নেয়। পরে তারা একসঙ্গে কাঁটাতারের বেড়াবিহীন অংশ দিয়ে অবৈধভাবে সীমান্তের ওপারে ভারতে যায়। এরপর কালাম আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে জুড়ী নদীর ভারতীয় এলাকায় কাঁটাতারের বেড়ার পাশ ঘেঁষে একটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি কালামের বলে শনাক্ত করে। পরে ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় কালামের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দিন বিকেলে বাবলু, সেলিম ও ফরহাদকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।বিজিবির স্থানীয় ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল করিম জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের কাছে লাশটি হস্তান্তর করেছে।জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কালামের মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত বাবলু ও ফরহাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।