জুড়ীর রত্না চা-বাগানে সাপ্তাহিক ছুটি নিয়ে শ্রমিক-কর্তৃপক্ষ বিরোধ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানে সাপ্তাহিক ছুটি নিয়ে শ্রমিক এবং কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বাগান কর্তৃপক্ষ গতকাল শুক্রবার ছুটি ঘোষণা করলেও সব শ্রমিক তা বর্জন করে সকাল থেকে কাজে নেমে পড়েন।সম্প্রতি বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি প্রদান এবং শুক্রবার ছুটির সিদ্ধান্ত নেয়। গতকাল শুক্রবার থেকে এই ছুটি কার্যকর হওয়ার কথা ছিল। গত সোমবার সন্ধ্যায় শ্রমিক পঞ্চায়েতের উদ্যোগে রত্না চা-বাগানের পূজামণ্ডপে এ ব্যাপারে একটি বৈঠক হয়। সেখানে সাধারণ শ্রমিকেরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানবে না বলে জানায়। এর পরিপ্রেক্ষিতে বাগানের প্রায় ৭০০ শ্রমিক ছুটি বর্জন করে গতকাল সকাল নয়টা থেকে কাজে নেমে পড়ে। তবে বাগানের বিভিন্ন কার্যালয় তালাবদ্ধ ছিল। রত্না চা-বাগানের শ্রমিক পঞ্চায়েতের সভাপতি বিকাশ রুদ্রপাল বলেন, ‘সপ্তাহের সোমবার মজুরি প্রদান আর মঙ্গলবার ছুটি—এই নিয়ম শত বছর ধরে চলছে। হঠাৎ করে নিয়ম পাল্টে ফেলার সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিচ্ছেন না। তাই তাঁরা প্রতি কর্মদিবসের মতো সকালেই কাজে চলে গেছেন।’বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান কর্তৃপক্ষের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানিটি করপোরেট প্রতিষ্ঠান। তাই সব প্রতিষ্ঠানে ছুটির ক্ষেত্রে একই নিয়ম চালু করতে চাচ্ছে।