মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা (বর্তমানে বান্দরবানের পাল্পউড বিভাগের সদর রেঞ্জে কর্মরত) এ এস এম হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। জুড়ীর হাড়ারগজ সংরক্ষিত বনের জমি জরিপকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হারুনকে বরখাস্ত করে৷
তবে হারুন জানিয়েছেন, তিনি এ ব্যাপারে এখনো কোনো চিঠি পাননি৷
ওই জরিপের সময় বিধি ভেঙে বনের প্রায় দুই হাজার একর জমি জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড করা হয়৷
বন বিভাগ থেকে জানা গেছে, হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন ধরে জরিপের বাইরে ছিল৷ ২০১০ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই সদস্যের একটি নকশা প্রস্তুতকারী দল উপজেলা সহকারী সেটেলমেন্ট কার্যালয়ের সহযোগিতায় বনটির জরিপকাজ শুরু করে৷ জরিপ শেষে ২০১৩ সালের ৪ আগস্ট হাড়ারগজ সংরক্ষিত বন মৌজায় ডিসির নামে দুই হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়৷ একই মৌজায় বন বিভাগের নামে রেকর্ড হয় ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি৷
তবে ২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশাবলিতে বলা আছে, ১৯২৭ সালের বন আইনের ২০ ধারা বলে সংরক্ষিত বন হিসেবে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সব জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে৷ বন বিভাগ প্রত্যর্পণ না করলে রিজার্ভড, প্রোটেকটেড বা অ্যাকোয়ার্ড হিসেবে চিহ্নিত বনের কোনো জমি কারও নামে রেকর্ড করা যাবে না৷
২০১১ ও ২০১২ সালে জরিপ আইনের কয়েকটি ধারায় ওই রেকর্ডের ব্যাপারে আপত্তি এবং আপিলের সময়সীমা উল্লেখ করে উপজেলার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জ কার্যালয়ে একাধিক নোটিশ পাঠানো হয়৷ ওই সময় এস এম এ সাত্তার ও হারুন রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে ছিলেন৷
এ নিয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘জুড়ী সংরক্ষিত বনের দুই হাজার একর জমি/জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগের নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এর পরিপ্রেক্ষিতে প্রধান বন সংরক্ষক নোটিশ পাওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করার ব্যাখ্যা চেয়ে জরিপকালে জুড়ী-১ রেঞ্জে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কারণ দর্শানোর চিঠি দেন৷
হারুনকে বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী জানান, জড়িত অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷
এ ব্যাপারে হারুন প্রথম আলোকে বলেন, ‘বরখাস্তের কথা শুনেছি৷ কিন্তু এখনো কোনো চিঠি পাইনি৷’