জুড়ীর সীমান্তে স্কুল-মাদ্রাসার ছাত্রসহ তিন শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) টহলদল গতকাল সোমবার স্কুল-মাদ্রাসার ছাত্রসহ তিন শিশুকে উদ্ধার করেছে। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিআর সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১০টার দিকে ফুলতলা সীমান্তের ১৮২৪ নম্বর মূল খুঁটির পাশ দিয়ে তিনটি শিশুকে ভারতে পাচার করার চেষ্টা চলছিল। এ সময় বিএসএফ রাঘনা ক্যাম্পের জওয়ানেরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে তাঁরা বিষয়টি বিডিআরের স্থানীয় ফুলতলা ক্যাম্পের কর্মকর্তাদের জানান। বিডিআরের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে উদ্ধার করে। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া শিশুরা হচ্ছে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের ফয়জুর রহমানের ছেলে জাহাঙ্গীর উদ্দিন (১২), আছদ্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (১১) এবং ফয়জুর রহমানের ছেলে সাজু আহমদ (১৩)। এর মধ্যে জাহাঙ্গীর স্থানীয় পাহলোয়ানবাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম ও সাইফুল তৈয়বা মোকাম হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে অভিভাবকেরা ফুলতলা ক্যাম্পে গেলে শিশুদের তাঁদের কাছে হস্তান্তর করা হয়।শিশুদের ভাষ্যমতে, ঘোলসা গ্রামের আহাদ মিয়ার বাড়িতে শহীদ (৩০) নামের এক যুবক গৃহকর্মীর কাজ করেন। শিশুরা তাঁকে আগে থেকেই চিনত। গত শনিবার বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে শহীদ তাদের সিএনজিচালিত অটোরিকশায় ওঠান। তারা জানায়, গত শনি ও রোববার রাতে তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়।বিডিআরের ৩৮ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের কমান্ডার মোর্শেদ আলম প্রথম আলোকে জানান, টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দৌড়ে পালিয়ে যান।