জুড়ীর সেই কলেজছাত্রীকে শ্বাসরোধেই হত্যা করা হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কলেজছাত্রী ফিরোজা আক্তারকে (১৭) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা উপজেলা শহরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। জাঙ্গিরাই গ্রামের মৃত তবদুল আলীর ছেলে মুসা আলীর (২৫) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কথা বলার জন্য ফিরোজাকে একটি মুঠোফোন কিনে দেন মুসা। গত ১০ সেপ্টেম্বর রাতে ফোন এলে ফিরোজার স্বজনেরা টের পেয়ে তার কাছ থেকে মুঠোফোনটি নিয়ে যান। পরদিন ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন, সে ঘরে নেই। ১৪ সেপ্টেম্বর রাতে কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ এলাকায় তার লাশ পাওয়া যায়।
ফিরোজার বড় ভাই জাহের আহমদ ১৬ সেপ্টেম্বর মুসাকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই দিনই মুসাকে গ্রেপ্তার করে এবং পরদিন কারাগারে পাঠায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এক সপ্তাহ আগে সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কাছে ময়নাতদন্ত প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ফিরোজাকে শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে।
১৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জুড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।