জুড়ীর সেই তিনটি অবৈধ করাতকল আবার চালু
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে অবস্থিত তিনটি ‘অবৈধ’ করাতকল মালিকেরা আবারও চালু করেছেন। এতে আদালতের শর্ত উপেক্ষা করা হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেছেন। ওই তিনটি করাতকলে বিদ্যুৎ সংযোগ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও গত বুধবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার নেতৃত্বে ভবানীগঞ্জ বাজারের মঈন উদ্দিন, আবদুল কাইয়ূম ও কমর উদ্দিনের মালিকানাধীন করাতকলে অভিযান চালানো হয়। এ সময় মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খুলে জব্দ এবং পরে সেগুলো সিলগালা করা হয়। এ ঘটনায় বন বিভাগ মৌলভীবাজারের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে করাতকল মালিকদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করে। এ ছাড়া এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বন্ধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে বন বিভাগ চিঠি দেয়। সূত্র জানায়, গত নভেম্বরে তিনটি করাতকলের মালিকেরা সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জব্দ করা যন্ত্রাংশ নিজেদের জিম্মায় চেয়ে প্রার্থনা করেন। এ সময় আদালত পুনরায় চালু না করার শর্তে যন্ত্রাংশগুলো তাঁদের জিম্মায় দেন।সরেজমিন গত বুধবার বিকেলে গিয়ে দেখা গেছে, তিনটি করাতকলে যন্ত্রাংশগুলো পুনঃস্থাপন করে গাছ চেরাইয়ের কাজ চলছে। একটি করাতকলের মালিক মঈন উদ্দিন দাবি করেন, আদালত তাঁর প্রতিষ্ঠান চালু করতে অনুমতি দিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্র তিনি জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। তবে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আদালতের শর্ত উপেক্ষা করে করাতকলগুলো পুনরায় চালু করা হয়েছে। কাজটি মোটেই সমীচীন হয়নি। আর কোনো করাতকল চালু করতে আদালত অনুমতি দেননি। ধারণা করা হচ্ছে, যন্ত্রাংশগুলো জিম্মায় দেওয়ার বিষয়টিকে মালিকেরা অন্যভাবে দেখছেন। এটি তাঁরা (মালিকেরা) ভুল করছেন। ’তিনি জানান, তিনটি ‘অবৈধ’ করাতকল পুনরায় চালুর বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট আদালতকে জানানো হবে। পিডিবির কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম এ কাদির গতকাল জানান, সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েক দিনের মধ্যে অবৈধ করাতকলগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।