জুড়ীর সেই প্রকৌশলীকে বকেয়া ভাড়া ও বিল পরিশোধের নির্দেশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম আনোয়ারুল হককে তাঁর সরকারি বাসার বকেয়া ভাড়া এবং গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।সরকারি বাসা বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত গত বৃহস্পতিবার এ চিঠি দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনোয়ারুল হক গত বছরের ২৭ অক্টোবর জুড়ী উপজেলায় ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সরকারি বাসভবন মাধবীর দ্বিতীয় তলার ৩/২ নম্বর ফ্ল্যাটে ওঠেন। কিন্তু তিনি গত সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বেতন থেকে কোনো বাসা ভাড়া পরিশোধ করেননি। এমনকি বিদ্যুৎ ও গ্যাস বিলও দেননি।এ ব্যাপারে গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘বিনা ভাড়ায় ১০ মাস ধরে সরকারি বাসা ব্যবহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ওই কর্মকর্তাকে চিঠি দিয়ে সাত কর্মদিবসের মধ্যে বকেয়া ভাড়া ও বিল পরিশোধের নির্দেশ দিলেন।