জুড়ীর সেই বাল্যবিবাহ ঠেকানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর সেই মেধাবী ছাত্রীর (১৪) বিয়ে ঠেকানো যায়নি। গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে বাল্যবিবাহ সম্পন্ন হয়। ছাত্রীর বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব কচুরগুল গ্রামে।সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছায়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে কনেকে নিয়ে বরপক্ষ চলে যায়। গতকাল সন্ধ্যায় বাল্যবিবাহ সম্পন্নের সত্যতা স্বীকার করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক জানান, ছাত্রীর অভিভাবকেরা আগেই গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে রাখেন।এ ব্যাপারে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে স্কুলছাত্রীর বাবার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকেরা ওই ছাত্রীর সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর বিয়ে ঠিকঠাক করেন। কনে পক্ষের লোকজন বিয়ের জন্য উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকার একটি কমিউনিটি সেন্টার ভাড়া নেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহ বন্ধে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গোয়ালবাড়ীর ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। গতকাল সকালে পুলিশ কমিউনিটি সেন্টারে গিয়ে কনের বাড়ির লোকজনকে সরিয়ে দেয়। গোয়ালবাড়ীর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ জানান, ইউএনওর নির্দেশে গত রোববার সন্ধ্যায় তিনি স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবকদের ডেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান এবং এটি বন্ধে অনুরোধ করেন। এতে তাঁরা রাজিও হন। পাশাপাশি তিনি বয়স বাড়িয়ে নেওয়া জন্মসনদটি ইউপি কার্যালয়ে ফেরত দিতে বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান বলেছিলেন তিনি বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা নিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’গত রোববার ‘বাল্যবিবাহ দিতে বয়স বাড়িয়ে জন্মসনদ!’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।