জুয়া-অশ্লীল নাচের প্রতিবাদ করায় যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার প্রতিবাদ করায় নাটোরের বাগাতিপাড়ায় যুবলীগের নেতা-কর্মীরা নাগরিক কমিটির এক সদস্যকে পিটিয়েছেন। তাঁরা নাগরিক কমিটির মাইক ভাঙচুর এবং যাত্রাবিরোধী প্রচারণা বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে যুবলীগের নেতা-কর্মী ও জনসাধারণের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, প্রশাসনের অনুমতি না নিয়ে বাগাতিপাড়া উপজেলার সাজিমারা বটতলায় বৃহস্পতিবার রাত থেকে যাত্রা, জুয়া ও অশ্লীল নৃত্য শুরু হয়েছে। স্থানীয় প্রগতি সংঘের নামে এসবের আয়োজন করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং জুয়া খেলার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় জনসাধারণ নাগরিক কমিটির ব্যানারে বৃহস্পতিবার থেকেই যাত্রা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন। শুক্রবার সকালে কমিটির নামে এ ব্যাপারে মাইকিং করা হয়। অন্যদিকে আয়োজকেরা যাত্রার পক্ষে প্রচারণা চালাতে থাকেন। দুপুর পৌনে একটার দিকে যাত্রার আয়োজক উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসানের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা সাজিমারা বটতলা মোড়ে কমিটির একটি ভ্যান থেকে মাইক ভাঙচুর, মাইকিংকারী কমিটির সদস্য জহুরুল ইসলাম ও ভ্যানচালক চেরান প্রামাণিককে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে কালিমপাড়া মোড়ে কমিটির পক্ষের লোকজন জড়ো হন। একপর্যায়ে সেখানে তাঁদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান।নাগরিক কমিটির সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শী আতাউল গণি বলেন, ‘প্রশাসন যাত্রা অনুষ্ঠানের কোনো অনুমতি দেয়নি। আর অনুমতি দিলেও যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার কোনো সুযোগ নেই। অথচ আয়োজকেরা বৃহস্পতিবার রাত থেকে যাত্রামঞ্চে তা-ই করছেন। দুপুরে শত শত জনসাধারণ কালিমপুর মোড়ে যাত্রাবিরোধী প্রচারণা শুরু করলে আমাদের ওপর যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। ওসি সাহেব এসেও তাঁদের পক্ষ নেয়। এ ঘটনার প্রতিবাদে আজ (শুক্রবার) বিকেলে প্রতিবাদ সভা করা হবে।’তবে উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনা দেখতে এসেছিলাম। সব জায়গায় যাত্রা হলে এখানে কেন যাত্রা হবে না, এটাই স্থানীয় লোকজনদের বোঝানোর চেষ্টা করেছি। প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে।’ অনুমতি পাওয়ার আগেই বৃহস্পতিবার যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার অভিযোগ সম্পর্কে তিনি আরও বলেন, ‘রাতে আমি ছিলাম না। কী হয়েছে বলতে পারব না।’বাগাতিপাড়ার থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘যাত্রা শুরু হয়েছে কি না, জানি না। অনুমতি না নিয়ে যাত্রা চালানো যাবে না, আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।’ মাইক ভাঙচুর ও মারধরের ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমি ঘটনার কথা শুনে সেখানে গিয়েছিলাম। তাঁদের নিয়ে বসে বিষয়টি মীমাংসার কথা বলেছি। আমি যাত্রার পক্ষে অবস্থান নিইনি।’