মাদারীপুর জেলা স্টেডিয়ামে বস্ত্র, হস্ত, তাঁত, কুটিরশিল্প মেলায় জুয়া ও র্যা ফল ড্র বন্ধের দাবিতে মাদারীপুর জেলা শহরের ব্যবসায়ীরা ধর্মঘট ডেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে গতকাল শনিবার সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মাদারীপুর আচমত আলী খান জেলা স্টেডিয়ামে ২৩ এপ্রিল থেকে বস্ত্র, হস্ত, তাঁত, কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেলার আয়োজন করেছে স্বপ্নতরী নামে একটি সংগঠন। ৪০ দিন মেলা উদ্যাপনের জন্য জেলা প্রশাসক অনুমতি দিয়েছেন। ৪০ দিনের জন্য ওই সংগঠনটি ক্রীড়া সংস্থাকে ৫০ লাখ টাকা দেবে। ইতিমধ্যে ওই সংগঠনটি ৩০ লাখ টাকা ক্রীড়া সংস্থাকে পরিশোধ করেছে। মেলায় ৩০টি স্টল থাকলেও মূল আকর্ষণ র্যা ফল ড্র ও হাউজি (জুয়া)। সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলে হাউজি খেলা। র্যা ফল ড্রর জন্য স্বপ্নতরীর ৩০ জন কর্মী গাড়িতে করে মাদারীপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুরের বিভিন্ন স্থানে কুপন বিক্রি করছেন। প্রতিটি কুপন ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন রাতে বিক্রীত কুপনের ড্র অনুষ্ঠিত হয়। প্রতিদিনের ড্রতে পাঁচ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়।
এ মৌসুমে মেলার আয়োজন বন্ধের দাবি জানিয়েছিল মাদারীপুর জেলা বণিক সমিতি। এ জন্য বণিক সমিতি থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তাদের অনুরোধ উপেক্ষা করে মেলায় হাউজি ও র্যা ফল ড্র অনুষ্ঠিত হওয়ায় বণিক সমিতির উদ্যোগে দুই দিন শহরে মানববন্ধন করা হয়েছে। মেলায় হাউজি ও র্যা ফল ড্র বন্ধের দাবিতে গতকাল শনিবার বণিক সমিতির উদ্যোগে ধর্মঘট ডেকে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘এখন এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা চলছে। তা ছাড়া কিছুদিন পর রমজান শুরু হবে। এসব কারণে এ মুহূর্তে মেলার অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু আমাদের কোনো অনুরোধ তাঁরা রক্ষা করেননি। তখন মেলায় জুয়া ও র্যা ফল ড্র বন্ধের দাবি জানিয়েছিলাম। তা-ও তাঁরা শোনেননি। তাই ব্যবসায়ীদের চাপে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি দিয়েছি।’
মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠান স্বপ্নতরীর মালিক ফজলুল হক বলেন, ‘মেলায় হাউজি, র্যা ফল ড্র চালানোসহ সব ধরনের সহযোগিতা করার জন্য ক্রীড়া সংস্থাকে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। এখন এগুলো বন্ধ করা সম্ভব নয়।’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান বলেন, ‘ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের জন্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজকদের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। এখন মেলা বন্ধ করা সম্ভব নয়। বণিক সমিতির সঙ্গে আলোচনা চলছে।’