জুয়া খেলতে না দেওয়ায় মেলায় হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের খামাতপাড়া পূজামণ্ডবে গত মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পুণ্যস্নান উৎসবের মেলায় জুয়া খেলতে না দেওয়ায় হামলা চালিয়েছে জুয়াড়িরা। ওই হামলায় তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত খামাতপাড়া গ্রামের নারায়ণচন্দ্র রায় (৪০) ও রমানাথ রায়কে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নারায়ণচন্দ্র রায় ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পুণ্যস্নান উৎসব শেষে মঙ্গলবার সন্ধ্যায় খামাতপাড়া মণ্ডবে পূজা-অর্চনা চলছিল। পুণ্যস্নান উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সেখানে মেলা বসেছিল। ওই মেলায় জুয়ার আসর বসানোর অনুমতি চায় জুয়াড়িরা। অনুমতি না দিলে অতর্কিত হামলা শুরু করেন তাঁরা। মেলায় উপস্থিত নারী-পুরুষ ও শিশুরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। বাধা দিতে গিয়ে তাদের হামলায় নারায়ণ ও রমানাথসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত নারায়ণ ও রমানাথকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় পূজামণ্ডবে পূজা ও মেলা দুটোই ভণ্ডুল হয়ে যায়।
ওই পূজামণ্ডবের সভাপতি গোপালচন্দ্র রায় বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত থেকে আটজনের নামে থানায় মামলা দায়ের করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জুয়া খেলতে না দেওয়ায় জুয়াড়িরা ওই হামলা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।