জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে জুয়া খেলতে নিষেধ করায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য গৃহবধূর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ২০ আগস্ট রাতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (২০)। তিনি উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের নদীরপাড় গ্রামের ফয়জার আলীর ছেলে সফিকুল ইসলামের (২৮) স্ত্রী। এ ঘটনায় নিহত সুমির মা সামছুন নাহার সফিকুলসহ পাঁচজনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সুমির পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, চার বছর আগে সফিকুলের সঙ্গে চন্দনপাট গ্রামের সুমি আক্তারের বিয়ে হয়। তিন মাস আগে জুয়া খেলতে নিষেধ করায় সুমিকে তাঁর স্বামী নির্যাতন করেন। অভিমান করে সুমি ওই সময় বাবার বাড়িতে চলে যান। পরে সফিকুল আর জুয়া খেলবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে সুমিকে বাড়িতে নিয়ে আসেন। ২০ আগস্ট রাতে সুমির সঙ্গে সফিকুলের ঝগড়া হয়। পরদিন সকালে তাঁর দেবর খাদেমুল প্রতিবেশীদের ডেকে বলেন, সুমি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী বাড়ির পাশের একটি গাছের ডালে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওই দিনই পুলিশ এসে সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুমির মা সামছুন নাহার অভিযোগ করেন, ‘জুয়া খেলতে নিষেধ করায় মোর মেয়েকে পিটিয়ে হত্যা করেছে সফিকুল। এলা মামলা কোনা তুলি নিবার জন্য ভয় দেখায়ছে।’ সফিকুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণকুমার বলেন, সুমির মুখ, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সুমির দেবর খাদেমুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।