জুয়া খেলতে বাধা দেওয়ায় যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই এলাকায় গতকাল শুক্রবার জুয়া খেলতে বাধা দেওয়ায় মাসুদার রহমান (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি একই এলাকার নয়া মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সারাই এলাকায় একটি মাঠে বসে আনিছার রহমান ও আবুল হোসেন নামে দুই যুবক জুয়া খেলছিলেন। এ সময় পাশের বাড়ির মাসুদার রহমান তাঁদের জুয়া খেলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনিছার রহমান তাঁর বাড়ি থেকে একটি ধারালো বঁটি নিয়ে এসে মাসুদারের ঘাড়ে কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে মাসুদার মারা যান।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে।