জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জুয়া খেলতে বাধা দেওয়ায় স্বামীর পিটুনিতে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের রফিকুল ইসলাম শুক্রবার বেলা দুইটার দিকে গবাদিপশু গোয়ালঘরে বেঁধে রেখে বাড়িতে জুয়া খেলছিলেন। হঠাৎ দুটি গরু ছুটে বাড়িতে লাগানো কয়েকটি চারা গাছ নষ্ট করে ফেলে। এ সময় তাসলিমা তাঁর স্বামী রফিকুলকে জুয়া খেলা বন্ধ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুল লাঠি নিয়ে গরু দুটিকে আঘাত করতে থাকেন। তাসলিমা তখন রফিকুলের হাত থেকে লাঠি কেড়ে নিতে গেলে তাঁকে মারধর করেন রফিকুল। তাসলিমার চিৎকারে লোকজন ছুটে এসে রফিকুলের হাতের লাঠি কেড়ে নেয়। একপর্যায়ে রফিকুল ঘরের পাশে থাকা কোদাল দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এনামুল হক জানান, তাসলিমার মাথায় গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় তাসলিমার ভাই আবদুল মান্নান শুক্রবার রাতে রফিকুলের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকেই রফিকুল পলাতক।