জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রাম এলাকায় গত বৃহস্পতিবার রাতে জুয়া খেলার অপরাধে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই পেশাদার জুয়ারু।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মূলগ্রাম ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জহুরুল ইসলাম (৪৭), মহেশপুর গ্রামের লিটন মোল্লা (৪২) ও ডিবিগ্রামের রেজাউল করিম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজনই পেশাদার জুয়ারু। তাঁরা গ্রামের বিভিন্ন বাড়িতে প্রায় প্রতি রাতে জুয়ার আসর বসিয়ে গরিব-অসহায় মানুষের টাকা লুটে নেন।
খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন জুয়ারু পালিয়ে যান। পরে ওই তিনজনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।