জুয়া খেলার টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামের বাবুল মিয়া (৩৫) তাঁর স্ত্রী তাসলিমা বেগমকে (২৫) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জুয়া খেলার টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহত তাসলিমার পরিবার অভিযোগ করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত তাসলিমার ভাই রতন মিয়া বুধবার আশুগঞ্জ থানায় বাবুল মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। বুধবার সকালে আশুগঞ্জ থানার পুলিশ বাবুল মিয়ার বাড়ি থেকে তাসলিমার লাশ উদ্ধার করে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে বাবুল মিয়ার (৩৫) সঙ্গে লালপুর গ্রামের তাসলিমার (২৫) বিয়ে হয়। জুয়া খেলার জন্য বাবুল মঙ্গলবার তাসলিমার কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে তিনি তাসলিমাকে প্রচণ্ড মারধর করে জুয়ার আসরে চলে যান। রাত ১১টার দিকে জুয়ার আসর থেকে ফিরে এসে তিনি তাসলিমার কাছে আবার টাকা চান। এবারও টাকা দিতে রাজি না হওয়ায় বাবুল স্ত্রীকে মারধর করেন। সকালে ঘরের শয়নকক্ষ থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তাসলিমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আ. কুদ্দুস জানান, তাসলিমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তা ছাড়া তাঁর ছেলের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে বাবুল মিয়া স্ত্রীকে প্রচণ্ড মারধর করেছেন।