জুয়া খেলার দায়ে সাব-রেজিস্ট্রারের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নিবন্ধন কার্যালয়ের (রেজিস্ট্রি অফিস) উপনিবন্ধক (সাব-রেজিস্ট্রার) খলিলুর রহমানকে জুয়া খেলার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ কারণে দুটি উপজেলায় জমিজমাসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেচাকেনা ও বন্ধক নিবন্ধনের কাজ বন্ধ রয়েছে।
দিনাজপুরের জেলা নিবন্ধক (রেজিস্ট্রার) রণজিৎ কুমার সিং জানান, উপনিবন্ধক খলিলুর রহমানের কারাদণ্ডের খবর পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার নিবন্ধন কার্যালয়ের উপনিবন্ধক খলিলুর রহমান গত শুক্রবার রাতে তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরে স্থানীয় পাবলিক ক্লাবে জুয়া খেলার সময় ছয় সঙ্গীসহ ভ্রাম্যমাণ আদালতের হাকিমের কাছে হাতেনাতে ধরা পড়েন। এ সময় বিচারক মিজানুর রহমান তাঁকেসহ আটক সাত জুয়াড়ির প্রত্যেককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। বর্তমানে তাঁরা জেলা কারাগারে রয়েছেন।
পার্বতীপুর নিবন্ধন কার্যালয়ের অফিস সহকারী ফয়জার রহমান জানান, খলিলুর রহমান ২০১৩ সালের ১৮ মার্চ উপনিবন্ধক হিসেবে পার্বতীপুরে যোগদান করেন। একই সঙ্গে তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়ও উপনিবন্ধকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেরার পথে গাপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে পাবলিক ক্লাবে অভিযান চালিয়ে খলিলুর রহমানসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।