জুয়া খেলার প্রতিবাদ করায় কলেজছাত্র খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার কিসমত জামিরা গ্রামে গত বৃহস্পতিবার জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়াড়িরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কলেজছাত্রকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জুয়াড়িদের হামলায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই কলেজছাত্রের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের সাতটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী গতকাল বেলা তিনটায় রাজশাহী-নাটোর মহাসড়কের বেলপুকুর এলাকায় বিক্ষোভ মিছিল করে।নিহত ইব্রাহিম আলী (১৯) বানেশ্বর ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার কিসমত জামিরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত ব্যক্তিরা হলো একই গ্রামের বাসিন্দা ও ঈশ্বরদী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্র শিমুল আলী (২২) ও নাওদারা কারিগরি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র খাইরুল ইসলাম (১৬)। শিমুল অভিযোগ করেন, কিছু তরুণ এলাকায় জুয়া খেলার আসর বসানোর কারণে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছিল। এ কারণে তাঁরা পাঁচ বন্ধু জুয়া খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা খবর পান জামিরা বাজারের পাশে কলাবাগানের মধ্যে ১০-১২ জন জুয়া খেলছে। তারা ওই সময় সেখানে গিয়ে জুয়া খেলার প্রতিবাদ জানান। এ সময় জুয়াড়িদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে জুয়ার আসর থেকে কিসমত জামিরা গ্রামের শুকুর আলীর ছেলে আবদুল গাফফার (৩৫) ও মুকুল (৩২) উঠে যান। কিছুক্ষণের মধ্যেই গাফফার তাঁর ভাই কিসমত (২৫), জিয়াদ (২৭) ও শুকলালকে (৫০) ডেকে আনেন। তাঁরা এসে তাদের ঘিরে ফেলে। এ সময় ভয়ে তাঁদের দুই বন্ধু খাইরুজ্জামান (১৭) ও আনোয়ারুল (২৭) পালিয়ে যান। এ সুযোগে তারা ইব্রাহিম ও তাঁকে (শিমুল) রামদা দিয়ে কুপিয়ে জখম করে ও খাইরুলকে পিটুনি দেয়। কিছুক্ষণ পর খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলে গাফফার ও তাঁর ভাইয়েরা পালিয়ে যান।শিমুল জানান, তিনি ও খাইরুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী গাফফারসহ তাঁর চার ভাইয়ের সাতটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।গতকাল শুক্রবার দুপুরে কিসমত জামিরা গ্রামে গিয়ে দেখা যায়, আবদুল গাফফারের পরিবারের কেউ গ্রামে নেই। ইব্রাহিমের লাশ ময়নাতদন্ত শেষে তখনো গ্রামে পৌঁছেনি। ইব্রাহিমের মা নূরবানু বলেন, তিনি তাঁর ছেলেকে বলেছিলেন কবুতরকে খাবার দিতে। খাবার দিয়ে সে কখন চলে গেছে তিনি বুঝতে পারেননি।পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম বলেন, গতকাল ইব্রাহিমের বাবা বাদী হয়ে গাফফারসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।