রাজধানীর মির-পুরের মধ্য পীরেরবাগে কাজী জিয়া হায়দারকে খুনের ঘটনায় তাঁর ভাড়াটে আবদুল মজিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গতকাল রোববার ভোর চারটার দিকে মিরপুরের এক বাসা থেকে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে আবদুল মজিদের স্ত্রী রূপা আকতারকে (২৫) আটক করা হয়। দুজনকে জিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।গত শনিবার বেলা দুইটায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে বাড়ির মালিক জিয়া হায়দারকে (৫০) গুলি করে হত্যা করে। মিরপুর থানার ওসি দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ ও তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু তথ্য ও নাম পাওয়া গেছে। তাঁরা দুজন ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ঘটনার পরিকল্পনায় তাঁদের সংশ্লিষ্টতা ছিল। তিনি বলেন, বাড়ির নিচতলার ভাড়াটে মজিদের কক্ষে জুয়া খেলায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ছাড়া আরও দু-তিনটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে।নিহত জিয়ার স্ত্রী কাজী সেলিনা আজমী বলেন, গত ১৬ ডিসেম্বর ভাড়াটে আবদুল মজিদ স্থানীয় কয়েকজন যুবক নিয়ে বাসায় জুয়ার আসর বসান। তা জানতে পেরে জিয়া গিয়ে ওই যুবকদের বের করে দেন এবং মজিদকে বাসা ছেড়ে দিতে বলেন। এরপর এলাকার বখাটে যুবকেরা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। জুয়ার আসরে কারা ছিল: নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন জানান, ট্যাক্সিক্যাবচালক মজিদ দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় বাস করছেন। মজিদের সঙ্গে স্থানীয় বখাটে যুবক ডিশ জুয়েল, পাগলা জুয়েল, মনির, শাহীন, সেলিম, আরিফ, নজরুলসহ আরও অনেকের সঙ্গে সখ্য গড়ে ওঠে। তাদের কয়েকজনকে নিয়েই বাসায় জুয়ার আসর বসিয়েছিলেন মজিদ। বাড়ির মালিক জিয়া জুয়ার আসর ভেঙে দেন। তখন তিনি মনিরকে থাপড় মেরেছিলেন। যাওয়ার সময় বখাটেরা জিয়াকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। মনিরের খোঁজে বাসায় গেলে তার মা মনজু আরা বেগম প্রথম আলোকে বলেন, শনিবার সকালে মনির বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।