জুয়া ঠেকাতে আন্দোলনের ডাক দিতে হলো সাংসদকে
মেলার আড়ালে জুয়া ঠেকাতে রাজশাহী সদর আসনের সাংসদ বিবৃতি দিয়েছিলেন। তাতে কাজ হয়নি। অবশেষে গণ-আন্দোলনের ডাক দেওয়ার পর গত বুধবার রাত থেকে জুয়ার আসর বন্ধ হয়েছে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে ১১ জানুয়ারি থেকে নগরের নওদাপাড়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে আনন্দ মেলা শুরু করা হয়। জায়গাটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের হলেও তাদের কাছ থেকে মেলার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসব্যাপী এই আনন্দ মেলার মূল আয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের জুয়া, হাউজি ও লটারির মাধ্যমে প্রতারণা এবং অশ্লীল নৃত্য। এসবে অংশ নিতে হুমড়ি খেয়ে পড়ে রাজশাহী নগরসহ জেলার নয়টি উপজেলার মানুষ। সন্ধ্যা ছয়টার পরপরই মেলা প্রাঙ্গণে শুরু হতো ভ্যারাইটি শোর নামে অশ্লীল নৃত্য। মেলা প্রাঙ্গণে জুয়ার আসর ও হাউজি চলত সমানতালে। রাত ১০টায় র্যাফল ড্রর নামে লটারির আসর বসত, যা কেব্ল টেলিভিশনে সরাসরি প্রচার করা হতো। ২০১৩ থেকে এ পর্যন্ত পাঁচবার একই স্থানে আনন্দ মেলার নামে এসব আয়োজন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা কয়েক দিন আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আমি লক্ষ করছি, কয়েক বছর ধরে রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে জায়গা করে জুয়া খেলা হচ্ছে। মেলা মননশীল মানুষের বিনোদন ও নিত্যপ্রয়োজনীয় জীবনের খোরাক জোগায়। কিন্তু রাজশাহীতে আনন্দ মেলার নামে যা হচ্ছে তা বিবেকবিবর্জিত, অসামাজিক ও অশ্লীল। এর মধ্য দিয়ে আমরা আমাদের তরুণ ও যুবক সম্প্রদায়কে বিপথগামী করছি। এর দায় আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই জুয়া খেলা বন্ধ হওয়া উচিত।’ এই বিবৃতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তারপরও মেলার নামে জুয়া বন্ধ হয়নি।
অবশেষে সাংসদ ফজলে হোসেন বাদশা ২৪ জানুয়ারি বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গণমানববন্ধনের ডাক দেন। সাংসদের এই আহ্বানের পর বুধবার রাতে আর মেলা বসেনি।