জুয়াখেলার টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়াখেলার টাকা চেয়ে না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করেছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর ধনতোলা গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ এখন হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর নাম নুরুন্নাহার বেগম (৩০)। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
স্ত্রীকে নির্যাতন করার কথা স্বীকার করে আনোয়ার হোসেন বলেন, ‘ভাই, আমার ভুল হয়েছে। আমি আর জুয়া খেলব না। আমার স্ত্রীর কোনো দোষ নেই। সে ভালো মানুষ।’ নুরুন্নাহার বেগম জানান, তাঁর স্বামী আনোয়ার (৩৮) আগে ভালোই ছিলেন। তিন বছর ধরে তিনি জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। জুয়াখেলার টাকা জোগাড় করতে গিয়ে তিনি জমি, বাড়ির হাঁস-মুরগি, গরু-ছাগল, ঘরের আসবাব বিক্রি করে দিয়েছেন। কোনো কাজকর্ম করেন না। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে আছে।
নুরুন্নাহার অভিযোগ করেন, স্বামী দিনমজুরি করে বেশি টাকা আয় করতে পারেন না। তাই বাড়িতে দর্জির কাজ করে তিনি অতিকষ্টে সংসার চালান। গত শনিবার সন্ধ্যায় আনোয়ার তাঁর কাছে জুয়াখেলার জন্য ১০০ টাকা চান। টাকা না দেওয়ায় তিনি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান এবং লাঠি দিয়ে পেটান। এতে অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।