জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর থেকে নয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ। এ সময় একটি ষাঁড় আটক করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল সকালে বোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ষাঁড়ের লড়াইয়ের নামে লাখ লাখ টাকার জুয়ার (বাজি) আয়োজন করে স্থানীয় কতিপয় জুয়াড়ি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর ভণ্ডুল করে দেয়। এ সময় নয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এরা হলো: ইলিয়াছ, জুনাইদ, রফিকুল আলম, ভিক্ষু মিয়া, সাইদুল ইসলাম, ছাদেক মিয়া, হিরন মিয়া, মোস্তফা ও কালাম।পুলিশ বোরগাঁও গ্রামের নজরুল মিয়ার একটি ষাঁড় আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া চারটি মুঠোফোন ও ছয় হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত নয়জনকে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।