জুয়ার আসর থেকে সরকারি কর্মকর্তাসহ আটক ৭
কুড়িগ্রামে মাদক ও জুয়ার আসর থেকে সরকারি দুই কর্মকর্তাসহ সাতজনকে আটক করে ৩২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নির্বাচন কমিশনের নবনির্মিত সার্ভার স্টেশন ভবন থেকে তাঁদের আটক করা হয়।
আদালত যাঁদের জরিমানা করেছেন তাঁরা হলেন, কুড়িগ্রাম জেলা শহরের কৃঞ্চপুর মিয়াপাড়ার বাসিন্দা ও ঠাকুরগাঁও উপজেলার রাণীশংকৈল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, হাটিরপাড় এলাকার বাসিন্দা রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) মনোয়ারুল ইসলাম, হাসপাতালপাড়ার আবদুল হামিদ, মোল্লাপাড়ার মেহেদী হাসান, সরদারপাড়ার রাশেদুজ্জামান, কলেজপাড়া এলাকার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ মিয়া এবং চিলমারীর সবুজপাড়া এলাকার মো. নুরুজ্জামান। সহকারী কমিশনার মিজানূর রহমান জানান, জেলা প্রশাসকের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে।