জুয়ার আসর ভেঙে দিল গ্রামবাসী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে গতকাল মঙ্গলবার ভোরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে দিয়েছেন গ্রামবাসী। এ সময় তাঁরা জুয়াড়িদের কয়েকটি মোটরসাইকেল ও নাচের প্যান্ডেল পুড়িয়ে দেন। এতে প্রায় ২০ জন আহত হন।
গ্রামবাসী জানান, ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ১৫০ নম্বর ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে কিছুসংখ্যক দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে যাত্রার নামে অশ্লীল নৃত্যসহ জুয়ার আসর চালিয়ে আসছিলেন। এতে ছিটমহল ও আশপাশের গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার প্রতিকার চেয়েও লাভ হয়নি। উল্টো অশ্লীলতা ও জুয়া ব্যাপকভাবে বাড়তে থাকে। এতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল ভোরে তাঁরা লাঠিসোঁটা নিয়ে জুয়ার আসর ও গানের প্যান্ডেলে হামলা চালান এবং আগুন লাগিয়ে দেন। এ সময় তাঁরা জুয়াড়িদের বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এতে প্রায় ২০ ব্যক্তি আহত হন।
আহত আমান আলী মোল্লা ও হাসান পাটোওয়ারী জানান, প্রায় শতাধিক লোক লাটিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি ভারতীয় ছিটমহলের অভ্যন্তরের। আমাদের কিছু করার নেই।’