জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলার টাকা বাবার বাড়ি থেকে এনে না দেওয়ায় নড়াইলের লোহাগড়ায় আরজিনা বেগম (২২) নামে এক নারী স্বামীর নির্যাতনের শিকার হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। গত বৃহস্পতিবার উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া ডহরপাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে। উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবরে মধুমতী নদীর তীর থেকে পথচারীরা গত শুক্রবার সকালে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন আরজিনা। তাঁর ডান হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন। আরজিনা জানান, মাস ছয়েক আগে তাঁর স্বামী সোহেল আরেকটি বিয়ে করেছেন। স্বামীর জুয়া খেলার জন্য প্রায়ই তাঁকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে হয়। আরজিনা বলেন, ‘সোহেল গত বুধবার সারা রাত জুয়া খেলে সাড়ে তিন হাজার টাকা হারিছে। বৃহস্পতিবার দুপুরে আবার জুয়া খেলার জন্যি টাকা আনে দিতি বলে। তা না দিতি চাওয়ায় ঘরের দরজা বন্ধ করে কাঠ দিয়ে ওই সময় এবং রাতে বেদম মারপিট করে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। হাসপাতালে এসে জ্ঞান ফেরে।’ আরজিনার নানি শামসুন্নাহার বলেন, ‘আরজিনার বাবার বাড়ির কাছাকাছি শিয়েরবরে মধুমতী নদীর তীর থেকে পথচারীরা অজ্ঞান অবস্থায় আরজিনাকে উদ্ধার করেছে। তাকে হয়তো মেরে ফেলতে চেয়েছিল।’ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, নির্যাতনে আরজিনার ডান হাত ভেঙে গেছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। সুস্থ হতে সময় লাগবে। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম বলেন, ‘ওই ছেলে জুয়া খেলে বেড়ায়। আরজিনাকে নিষ্ঠুর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’ যোগাযোগের চেষ্টা করেও আরজিনার স্বামী সোহেল বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান আরজিনার ওপর অমানবিক নির্যাতনের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে।