প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলে বৈশাখী মেলায় বোমা হামলার মামলায় গ্রেপ্তার মো. সুইট গতকাল রোববার বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেলায় ছাত্রলীগের এক নেতার তত্ত্বাবধানে পরিচালিত জুয়ার আসর থেকে অর্থের ভাগ না পেয়ে ওই বোমা হামলা চালানো হয় বলে তিনি জবানবন্দিতে উল্লেখ করেন। গত বুধবার রাতে ওই বোমা হামলায় একজন নিহত হন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইট জবানবন্দিতে বলেন, ‘শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম ওরফে তুহিন বৈশাখী মেলায় জুয়ার আসর বসিয়ে প্রতি রাতে হাজার হাজার টাকা হাতিয়ে নিত। আমাদের টাকার ভাগ দিত না। তাই মেলা পণ্ড করতে ছোট ফিরোজ, বড় ফিরোজ আর আমিসহ পাঁচজন মেলার অনুষ্ঠানে বোমা ছুঁড়ি। কাউকে মারার উদ্দেশ্য ছিল না, কিন্তু কী করে যেন একজন মরে গেল।’