জুয়ার প্রতিবাদ করায় হামলা-জরিমানা
জুয়া পরিচালনায় বাধা দেওয়ায় প্রতিবাদী যুবকদের পিটিয়ে আহত করার পর গতকাল সোমবার সকালে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন স্থানীয় মাতব্বররা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোটেরবাজার এলাকায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য কয়েক দিন ধরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মধুপুর উপজেলার আউশনার ইউনিয়নে সার্কাস চলছে। এই সার্কাসের আয়োজন করেন আবদুস সালাম নামের সাবেক ইউপি সদস্য। মোটেরবাজার এলাকার মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল বলেন, ‘মোটেরবাজার এলাকায় ১০ দিন আগে সার্কাস শুরু হয়। কয়েক দিন চলার পর থেকেই সার্কাসের পাশেই র্যাফেল ড্র, ওয়ানটেন, পট, কাটাকাটিসহ নানা নামে জুয়া শুরু হয়। এলাকার শান্তিশৃঙ্খলা ও যুবসমাজের অবনতির আশঙ্কায় আমরা কয়েকজন যুবক জুয়া বন্ধ করার জন্য আয়োজকদের অনুরোধ করি। এ সময় আয়োজকেরা আমাদের ওপর হামলা চালায়। এতে আজাদুল ইসলাম, আবু হাসান তাপস, আতিকুর রহমান, আরিফ আহমেদ আহত হন। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় মাতব্বরদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’এই ঘটনার পরদিন গতকাল সোমবার সকালে মোটেরবাজার ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের অফিসে এক সালিস বৈঠক হয়। ওই বৈঠকে জুয়ায় বাধা দেওয়ায় নেতৃত্বদানকারী আবু হাসান তাপস ও আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৈঠকস্থলে তাপসের বাবা শাজাহান সরকারকে ডেকে এনে চাপ দিয়ে তাৎক্ষণিক ১৫ হাজার টাকা আদায় করা হয়। তাঁকে হুঁশিয়ার করে দেওয়া হয়, সোমবার সূর্যাস্তের আগে বাকি টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় বাড়িতে হামলা চালিয়ে ক্ষতিপূরণ আদায় করা হবে। এ ছাড়া আতিকুর রহমানের বাবা লেবু সরকারকেও ৫০ হাজার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই সালিস বৈঠকের সিদ্ধান্তদাতারা হলেন: সার্কাস ও জুয়ার আয়োজক আবদুস সালাম মেম্বার, নুরুল ইসলাম, মো. আনোয়ার হোসেনসহ এলাকার প্রভাবশালী কয়েকজন।এ ব্যাপারে ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের মোটেরবাজার শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় জুয়ার মতো অনৈতিক কাজে কয়েকজন যুবক বাধা দিয়েছে। তাদের পিটিয়ে আহত করা হয়েছে। আবার জরিমানাও করা হয়েছে। এই ঘটনার সবই হয়েছে ক্ষমতার দাপটে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মধুপুর উপজেলা কমান্ডের কমান্ডার পরিমল গোস্বামী বলেন, ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে কোনো সার্কাস হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে কয়েকজন লোক এই অপকর্ম চালাচ্ছে।’আবদুস সালাম মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সার্কাসের ফ্রি টিকিট দেওয়া হয়নি বলে ওই যুবকেরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে।’